Thursday, June 30, 2016

রান্না বিষয়ক প্রয়োজনীয় কিছু টিপস

রান্না করার সময় টুকটাক টিপস জানা থাকলে রান্না ভালো হয় এবং সময়ও বাঁচে। জেনে নিন রান্না বিষয়ক প্রয়োজনীয় কিছু টিপস।

* সবজির রঙ ঠিক রাখতে ঢাকনা দিয়ে জ্বাল না দেয়াই ভালো। আর কিছু সবজি আছে যেগুলো সামান্য সেদ্ধ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেললেও রান্নার পরও রঙ ঠিক থাকে।

* কড়াইতে গরম তেলে কিছু ভাজার সময়, যা দেবেন তার সঙ্গে সামান্য লবন দিল। তাহলে আর তেল ছিটবেনা।

* খেজুরের গুড় দিয়ে পায়েস করতে গিয়ে অনেক সময় দুধটা ফেটে যায়। দুধ ঘন হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর গুড় মেশাবেন। ভালো করে নেড়ে আবার কিছুটা ফুটিয়ে নেবেন, দুধ ফাটবে না।

* চিনেবাদাম ও কাজুবাদাম তেলে ভেজে পরে রান্নায় ব্যবহার করুন। খাবারের স্বাদ বাড়বে।

* সেমাই বা মিষ্টিজাতীয় খাবারে অনেকে বাদাম ব্যবহার করেন। বাদামে যদি তেল মেখে পরে তাওয়ায় ভাজেন তাহলে তেল কম লাগবে। নয়তো শুকনো ভাজতে গেলে তেল বেশি লাগবে।

* ওল, কচু অথবা কচুশাক রান্না করলে তাতে কিছুটা তেঁতুলের রস বা লেবুর রস দিয়ে দিন। তাহলে খাওয়ার সময় গলা চুলকানোর ভয় থাকবে না।

* কেক বানাতে যদি ডিমের পরিমাণ কম হয়, তার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার।

* অনেক সময়ই তাড়াতাড়ি স্যুপ রান্না করতে গিয়ে তা পাতলা হয়ে যায়। তখন দুটো আলু সেদ্ধ করে স্যুপে মিশিয়ে ফোটালে স্যুপ ঘন হবে।

* আলু ও ডিম একসঙ্গে সেদ্ধ করুন। দুটো দুই কাজে ব্যবহার করলেও সেদ্ধ তাড়াতাড়ি হবে।

* ভাত, পোলাও, বিরিয়ানি বা চাল জাতীয় যে কোন খাবার পুড়ে গেলে তেতো হয়ে যায় না। কিন্তু হ্যাঁ, বিচ্ছিরি পোড়া গন্ধ হয়ে যায়। এটা দূর করতে কী করবেন? আছে একটা জাদুকরী উপায়। প্রথমেই যে হাঁড়িতে পোড়া লেগেছে, সেখান থেকে খাবারকে সরিয়ে নিন। অন্য একটি হাঁড়িতে রাখুন খাবার এবং তাঁর ওপরে রাধুক এক টুকরো পাউরুটি। এরপর দম দিন কিছুক্ষণ। ব্যাস, আপনার খাবারের পোড়া গন্ধ শুষে নেবে পাউরুটি। কেউ বুঝতেই পারবেন না যে খাবারে পোড়া লেগেছে ।

* মাংস ভুনা পুড়ে গেছে? পুড়ে গিয়ে একেবারে তলায় লেগে গেছে? সাথে সাথে গ্যাস বন্ধ করে দিন। তারপর মাংসগুলোকে আলতো করে তুলে নিন হাঁড়ির নিচে লেগে থাকা খাবার বাদ দিয়ে। খাবারে তেতো ভাব আছে আর পোড়া গন্ধও। এবার কী করবেন? মাংসকে হাত দিয়ে ভেঙে নিন। তারপর সমপরিমাণ পেঁয়াজ যোগ করে ভালো করে মেখে নিন। এবার প্যানে অল্প তেল দিয়ে ভাজা ভাজা করে নিন এই মিশ্রণকে। ইচ্ছা হলে লবণ, নানান রকমের সস ও মশলা আপনার যা যোগ করতে ইচ্ছা হয় করুন। তৈরি সুস্বাদু দোপেয়াজা ।

* মাংস বা মাছ কষাতে গিয়ে পুড়ে গিয়েছিল, এখন ঝোলের মাঝেও পোড়া গন্ধ? কিংবা স্যুপ বা অন্য কোন তরল খাবার রাঁধতে গিয়ে পোড়া গন্ধ ও তেতো ভাব হয়েছে? কয়েক টুকরো মিষ্টি কুমড়া কেটে দিয়ে দিন ঝোলে সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটান। সেদ্ধ হয়ে গেলে জ্বাল নিভিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। কুমড়াগুলো উঠিয়ে পরিবেশন করুন। পোড়া গন্ধ বা স্বাদের লেশমাত্র থাকবে না।

* যে কোন খাবারের পোড়া ভাব দূর করতে দই, দুধ, চিনি এগুলো অসাধারণ। বিশেষ করে গ্রেভি জাতীয় খাবারে। খাবার পোড়া লাগলে প্রথমেই সরিয়ে নিন উক্ত পাত্র থেকে। অন্য পাত্রে গ্রেভি জাতীয় খাবারটি রাখুন, তারপর এতে যোগ করুন ফেটানো টক দই বা দুধ, সাথে চিনি দিতে ভুলবেন না। এবার রান্না করুন আবার। খাবার হয়ে উঠবে সুস্বাদু।

* পোড়া ভাব দূর করতে টমেটো সসও ম্যাজিকের কত কাজ দেয়। এমনকি পোড়া ভাজিকে ঠিক করতেও। যে কোন ঝাল খাবারে কেবল যোগ করুন স্বাদ অনুযায়ী টমেটো সস। দেখবেন পোড়া ভাবটার অস্তিত্ব মাত্র থাকবে না।

* কাবাব বা ভাজাভুজি জাতীয় কোন খাবার পুড়ে গেছে। এটার সাথে পরিবেশন করুন টক দইয়ের রায়তা ও প্রচুর সস। পোড়া স্বাদটা কেউ টের পাবেন না।

ফালুদা


উপাদানঃ
  • সাবু দানা - আধা কাপ
  • ঘন দুধ - ১ গ্লাস
  • কনডেন্স মিল্ক - আধা কাপ
  • চিনি - পরিমাণমতো
  • সেদ্ধ করা নুডুলস - ১ কাপ
  • পেস্তা বাদাম কুঁচি - ১ টেবিল চামচ
  • কাজু বাদাম - ১ টেবিল চামচ
  • স্ট্রবেরি, আম ও কলা কুচি করে কাটা - ২ টেবিল চামচ
  • আপেল ও আঙুর কুঁচি ১ টেবিল চামচ
  • আইস ক্রিম - পরিমাণ মতো
  • বরফ কুঁচি - পরিমাণ মতো
  • জেলি - অল্প পরিমাণ
  • রুহ আফজা - পরিমাণ মতো
যেভাবে বানাবেনঃ
> পানি দিয়ে সাবু দানা সেদ্ধ করে নিন। 
> ঘন দুধ, কনডেন্স মিল্ক ও চিনি একসঙ্গে জ্বাল দিয়ে ঘন করে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিতে হবে। 
> একটি সার্ভিস বাটি বা গ্লাসে পর্যায়ক্রমে প্রথমে সেদ্ধ সাবু দানা ও নুডুলস এর পর ঘন দুধ দিন। 
> এবার দুই ফ্লেভারের আইস ক্রিম, বাদাম কুঁচি, আবার ঘন দুধ, নুডুলস, ফলের টুকরো, মাওয়া কুচি 
> সবশেষে ঘন দুধ, জেলো, রুহ-আফজা ও বরফ কুচি দিয়ে ইচ্ছামত সাজিয়ে পরিবেশন করুন। 

Tuesday, June 28, 2016

তিব্বতি থুপকা



উপাদানঃ

স্যুপের জন্য
  • তেল – ১ টেবিল চামচ
  • রসুন কুচি – ১ টেবিল চামচ
  • লঙ্কাকুচি – স্বাদমতো
  • পেঁয়াজ কুচি – ১ টা ছোট
  • টমেটো কুচি – ১ টা ছোট
  • বাঁধাকপি কুচি – ১ কাপ
  • নুন – স্বাদমতো
  • লাল লঙ্কা গুঁড়ো – স্বাদমতো
  • গরম মশলা – ১ চা চামচ
  • পানি – ৩ কাপ
  • ভেজিটেবল স্টক – ২ বাটি
  • গাজর, বিনস, কড়াইশুঁটি – আধ বাটি
নুডলসের জন্য
  • নুডলস – ১৫০ গ্রাম
  • পানি – ৩ কাপ
  • তেল – ১ চা চামচ
  • নুন – ১/২ চা চামচ
  • অমলেটের জন্য ডিম – ২টি
  • তেল – ১ চা চামচ
  • নুন – স্বাদমতো
  • ধনেপাচা কুচি – ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালীঃ
একটি প্রেসার কুকারে তেল গরম করুন। এতে রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে ৩০ সেকেন্ড রান্না করুন। এতে পেঁয়াজ দিয়ে ভাজতে থাকুন, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা ভাব দূর হচ্ছে। এতে টমেটো ও বাঁধাকপি দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করতে থাকুন।

সবজিগুলো নরম হয়ে এলে এতে নুন, লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা দিয়ে ৩০ সেকেন্ড নাড়াচাড়া করুন। এতে ভেজিটেবল স্টক দিয়ে দিন। এতে সবজিগুলো দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে ২ টি হুইশল দিয়ে নিন। ঠাণ্ডা হয়ে গেলে বাটিতে ঢেলে ধনেপাতা ছড়িয়ে দিন।

এদিকে নুন দিয়ে নুডলস সিদ্ধ করে নিন। একটি প্যানে অমলেট বানিয়ে নিন। অমলেট হয়ে গেলে ভাল করে রোল করে নিয়ে ধারালো ছুড়ির সাহায্যে পাতলা স্ট্রিপ কেটে নিন। একটি বাটিতে অর্ধেক বাটি নুডলস দিন। এর উপর স্যুপ ঢেলে দিন। যাতে বাটিটি ভর্তি হয়ে যায়। উপরে ডিমের স্ট্রিপগুলি সাজিয়ে দিন।

পরিবেশনঃ ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

টিপসঃ চাইলে আপনি মুরগির মাংসের ছোট ছোট বোনলেস টুকরো এতে দিতে পারেন।

Saturday, June 25, 2016

চিকেন অনিয়ন


উপাদানঃ

  • মুরগির বুকের মাংস - ১ কাপ
  • স্প্রিং অনিয়ন কুচি - ১/৩ কাপ
  • গোলমরিচের গুঁড়া - আধা চা-চামচ
  • মিক্সড লবণ - স্বাদমত
  • সয়াসস- ২ টেবিল চামচ
  • চিনি - ১/২ চা চামচ
  • কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
  • পেঁয়াজ টুকরো - ১ কাপ
  • কাচা মরিচ ফালি - ৫টি
  • ভিনেগার - ২ টেবিল চামচ
  • টমেটো টুকরো - ১/২ কাপ
  • আদা বাটা - ১/২ চা চামচ
  • রসুন বাটা - ১/২ চা চামচ
  • শুকনা মরিচ কুচি - ১/২ চা চামচ
  • সয়াবিন তেল - ৪ টেবিল চামচ
  • লবণ - স্বাদমতো

প্রস্তুত প্রণালীঃ
- মুরগীর মাংস সয়াসস, লবণ, আদা বাটা, ভিনেগার দিয়ে মেখে রাখুন আধঘণ্টা। 
- এরপর মাংসটা ছেকে তুলে নিন। 
- এরপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভেজে তুলে রাখুন। 
- রসুন ও চিকেন দিয়ে দুই মিনিট ভাজুন।
- অন্যান্য উপকরণগুলো দিয়ে আরো ৫-৭ মিনিট রান্না করুন। 
- পেঁয়াজ এবং মাংস মেখে রাখা সসটুকু দিন এবং কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ পানিতে গুলে দিন। 
- ফুটে উঠলে নামিয়ে পরিবেশন করুন।

Friday, June 24, 2016

মেজবানি গরুর মাংস



উপাদানঃ
  • গরুর মাংস ২ কেজি
  • পেঁয়াজ কুচি - ২ কাপ   
  • পেঁয়াজ বাটা - ১ কাপ
  • সয়াবিন + সরিষার তেল - ১/২ কাপ
  • আদা বাটা - আড়াই টেবিল চামচ 
  • রসুন বাটা - দেড় টেবিল চামচ 
  • শাহি জিরা - ১ চা চামচ 
  • ধনিয়া গুঁড়া - ১ চা চামচ 
  • হলুদ গুঁড়া - ১/২ চা চামচ 
  • ঝাল বিহীন স্পেশাল শুকনা মরিচ গুঁড়া (কাশ্মিরি শুকনা মরিচ গুঁড়া) - ৩/৪ টেবিল চামচ (এটায় ঝাল কম ও কালার টা অনেক সুন্দর হয়। চট্টগ্রামে ব্যবহার করা হয় মিষ্টি মরিচ গুঁড়া)।
  • কাঁচা মরিচ - ৮-১০ টা
  • চিনি - ১ টেবিল চামচ 
  • তেজ পাতা - ৩/৪ টা 
  • ভাজা আলু - ৪/৫ টা (আপনি খেতে চাইলে দিতে পারেন)
মেজবানি মাংস স্পেশাল মশলা:
  • এলাচ - ২-৩ টা 
  • দারচিনি - ২ টুকরা 
  • লবঙ্গ - ৪-৫ টা 
  • জায়ফল - ১/৮ পরিমাণ 
  • জয়ত্রি - ১/২ চা চামচ 
  • গোলমরিচ - ৫/৬ টা
  • পোস্তদানা - ১/২ চা চামচ 
সব একসাথে পানি দিয়ে বেটে পেস্ট করে নিতে হবে।

প্রস্তুত প্রণালীঃ
-পেঁয়াজ কুচি, চিনি ও তেজপাতা ছাড়া বাকি সব উপকরণ মাংসের সাথে মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে।
-একটা পাত্রে তেল দিয়ে পেঁয়াজ ও তেজ পাতা দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে।
-ভাজা হয়ে গেলে এবার মাখান মাংস দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। ৪-৫ মিনিট।
-এবার বেশি করে পানি দিয়ে ঢেকে দিন। অল্প আঁচে রান্না করতে হবে। ১ ঘণ্টার মতো।

পরিবেশনঃ রান্না হয়ে গেলে নামানর আগে ভাজা আলু দিয়ে দিন।

টিপসঃ
-সব মশলা ভালো করে পেস্ট করতে হবে।
-মাংস ভালো করে পানি ঝড়িয়ে নিতে হবে।
-মাংসের পিস ছোট ছোট হতে হবে।
-সবচেয়ে জরুরি রান্নার পাত্রের ঢাকনা অবধাকনা ভাল করে সিল করে নিতে হবে। ও অল্প জ্বালে রান্না হবে।

Thursday, June 23, 2016

ম্যাঙ্গো প্যানা কোটা


  • উপাদানঃ 
  • আমের রস - ১ কাপ 
  • জেলাটিন পাউডার - ১ প্যাকেট বা ১/৪ আউন্স 
  • আমের পিউরি - ১.৫ কাপ 
  • দুধ - ১ কাপ 
  • জেলাটিন পাউডার - ১ প্যাকেট বা ১/৪ আউন্স 
  • চিনি - ১/৩ কাপ 
  • লবণ - এক চিমটি 
  • ভ্যানিলা এসেন্স - ১ টেবিল চামচ 
  • ক্রিম - ২ কাপ 
যেভাবে বানাবেনঃ
- প্রথমে একটি পাত্রে আমের রস এবং জেলাটিন দিয়ে দিন। ভাল করে মিশিয়ে ১০ মিনিট রাখুন।

- এবার ব্লেন্ডারে আমের কুচি দিয়ে ব্লেন্ড করে আমের পিউরি তৈরি করে নিন।

- আমের রস এবং জেলাটিনের মিশ্রণটি মাইক্রোওয়েভে উচ্চ তাপে এক মিনিট গরম করুন। জেলাটিন ভাল করে মিশে গেলে এটি আমের পিউরির সাথে মিশিয়ে নিন।

- পিউরির মিশ্রণটি গ্লাসে ঢেলে নিন (ভিডিও অনুযায়ী)। এটি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য কমপক্ষে ২ ঘন্টা রাখুন।

- একটি প্যানে দুধ এবং জেলাটিন দিয়ে ১০ মিনিট জ্বাল দিন। ১০ মিনিট ভাল করে নাড়ুন।

- ১০ মিনিট পর এতে চিনি এবং লবণ দিন।

- চিনি, জেলাটিন না গলা পর্যন্ত নাড়তে থাকুন। নামানোর আগে ভ্যানিলা এসেন্স দিয়ে দিন।

- ক্রিমের সাথে দুধের মিশ্রণটি ঢালুন। মিশ্রণটি ভাল করে মিশিয়ে নিন।

- এরপর ফ্রিজ থেকে আমের গ্লাসগুলো বের করে এতে ক্রিমের মিশ্রণটি ঢেলে দিন।

- এবার এটি ফ্রিজে ৪ ঘণ্টা রাখুন।

-পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো প্যানা কোটা।

Wednesday, June 22, 2016

তরমুজের জুস


উপাদানঃ 

  • তরমুজ - ২০০ গ্রাম
  • আদা - ৫ গ্রাম
  • লেবুর - রস সামান্য
  • লবণ - স্বাদ অনুযায়ী
  • চিনি - স্বাদমতো
  • পানি - ১০০ মিলি

যেভাবে বানাবেনঃ 
প্রথমে তরমুজ কেটে খোসা ফেলে টুকরো করে নিন। এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। হয়ে গেল তরমুজের মজাদার জুস । এবার বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

Monday, June 20, 2016

ফিস চপ


উপাদানঃ
  • যেকোনো মাছ (ভেটকি, রুই বা ইলিশ) পাঁচছয়টি বড় টুকরা
  • আলু মাঝারি - ৩টি
  • একটি বড় পাউরুটির টুকরা
  • পেঁয়াজ মিহিকুচি - আধা কাপ
  • আদাবাটা - ১ চা চামচ
  • রসুনবাটা - ১ চা চামচ
  • কাঁচামরিচ - কুচি ১ টেবিল-চামচ
  • মরিচগুঁড়া - ১ চা চামচ
  • হলুদগুঁড়া - ১ চা চামচ
  • ধনিয়াগুঁড়া - ১ চা চামচ
  • ভাজা জিরাগুঁড়া - আধা চা চামচ
  • লবণ স্বাদমতো
  • তেল ভাজার জন্য
প্রস্তুত প্রণালীঃ
- মাছের টুকরাগুলো ভাপে সেদ্ধ করে কাঁটা বেছে নিতে হবে। সেদ্ধআলু ভালোভাবে চটকে নিন। এবার পাউরুটি পানিতে ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। তারপর মাছ, আলু, রুটি খুব ভালো করে মেখে নিতে হবে। একে একে তেল বাদে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে হাতে পছন্দ মতো আকার দিন। এবার গরম তেলে চপগুলো ছেড়ে দিয়ে মাঝারি আঁচে ভাজতে হবে। হালকা বাদামী রঙ আসলে নামিয়ে নিলেই হল। 

পরিবেশনঃ
ইফতার, সাদাভাত, পোলাও বা বিরিয়ানির সঙ্গে খেতে মাছের চপের জুড়ি নেই।

Sunday, June 19, 2016

ঝটপট তেহারি


উপাদানঃ
  • বীফ/মাটন – হাফ কেজি (মাংস বোনলেস হলে ভালো)
  • চিনি গুঁড়া চাল – হাফ কেজি
  • টক দই – ১ কাপ
  • পেঁয়াজ কুচি – ১ কাপ
  • কাঁচা মরিচ – ১০টি
  • সয়াবিন তেল – ১ কাপ
  • সরিষার তেল – হাফ কাপ
  • রসুনবাটা – ১ চা চামচ
  • শাহি জিরা – ১ চা চামচ
  • আদাবাটা – ১ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়া – ১ চা চামচ
  • কেওড়া জল – ২ টেবিল চামচ
  • গুড়া দুধ – ২ টেবিল চামচ
  • পেঁয়াজ বেরেস্তা – হাফ কাপ
  • কিসমিস পরিমাণ মত 
  • গরম মশলা – এলাচ, তেজপাতা, দারুচিনি পরিমাণ মত 
  • লবণ – স্বাদমতো
প্রস্তুত প্রণালীঃ
-মাংস ছোট টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে টক দই, সরিষার তেল, আদা, রসুন, ও লবণ দিয়ে কমপক্ষে ৩০ মিনিট মাখিয়ে রাখুন।

-পাত্রে তেল গরম করে পেঁয়াজ বাদামী করে ভেজে নিন।

-এবার পাত্রে মাংস, কাঁচা মরিচ ও ৩ কাপ পানি দিয়ে নেড়ে ঢেকে মাঝারি আঁচে মাংস রান্না করুন।

-মাংস সেদ্ধ হয়ে ঝোল মাখামাখা হয়ে গেলে গোলমারিচ গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে ঢেকে রাখতে হবে।

-চাল ১০ মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে রাখুন।

-হাঁড়িতে চালের দেড় গুণ পানিতে গুড়া দুধ মিশিয়ে নিন।

-এবার চালে পানিটি দিয়ে লবন, তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে নেড়ে নিন। এরপরে ঢেকে দিন।

-পানি শুকিয়ে চালের সমান হয়ে গেলে রান্না মাংসগুলো চালের ওপরে দিয়ে অল্প আঁচে দমে রাখুন।

-১০ মিনিট পর পোলাও ও মাংস ভালোভাবে মিশিয়ে কেওড়াজল ও শাহি জিরা ওপরে ছিটিয়ে ১০ মিনিট দমে রেখে চুলা থেকে নামিয়ে নিন।

পরিবেশনঃ
এবার পাত্রে ঢেলে গরম গরম পরিবেশন করুন সালাদ অথবা সেদ্ধ ডিমের সাথে।

Saturday, June 18, 2016

গার্লিক শ্রিম্প




উপাদানঃ 

  • চিংড়ি মাছ - ১/২ কেজি 
  • অলিভ অয়েল - ১/২ কাপ 
  • রসুন কুচি - ১/২ কাপ 
  • লাল শুকনো মরিচ গুঁড়ো - ১ চা চামচ 
  • পাপরিকা - ২ চা চামচ 
  • লবণ - স্বাদমত
  • লেবুর রস - ৩-৫ টেবিল চামচ 
  • ধনেপাতা কুচি - ১/২ কাপ 
প্রস্তুত প্রণালীঃ
- চিংড়ি মাছে খোসা ছড়িয়ে পরিষ্কার করে মাথা ফেলে দিন।

- মাঝারি আঁচে প্যানে অলিভ অয়েল গরম করতে দিন।

- তেল গরম হয়ে আসলে এতে লাল শুকনো মরিচ গুঁড়ো, রসুন কুচি দিয়ে এক মিনিট ভাজুন।

- তারপর এতে চিংড়ি মাছগুলো দিয়ে মাঝারি আঁচে ভাজুন।

- এটি ৩ মিনিট রান্না করুন। খুব বেশি সময় ধরে রান্না করা থেকে বিরত থাকুন। বেশি সময় রান্না করলে চিংড়ি শক্ত রাবারের মত হয়ে যাবে।

- এর সাথে পাপরিকা, লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিন।

- মাছ সিদ্ধ হয়ে আসলে এতে লেবুর রস , পার্সলি পাতা কুচি দিয় দিন।

- সবগুলো উপাদান ভাল করে নেড়ে নামিয়ে ফেলুন।

পরিবেশনঃ
ভাত অথবা পোলাও এর সাথে পরিবেশন করুন মজাদার গার্লিক শ্রিম্প।

টিপসঃ 
রসুনের পরিমাণটি আপনি নিজের স্বাদমতো আরও বাড়িয়ে দিতে পারেন।

Saturday, June 11, 2016

ব্যাম্বো চিকেন


উপাদানঃ
  • হাঁড় ছাড়া মুরগীর মাংস – ৫০০ গ্রাম
  • গরম মশলা – ১ টেবিল চামচ
  • লেবুর রস – ১ টা লেবু
  • ধনে গুঁড়া – ৩ টেবিল চামচ
  • মরিচের গুঁড়া – ১ টেবিল চামচ
  • আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
  • লবন – স্বাদমতো
  • হলুদ গুঁড়া – আধা (১/২) টেবিল চামচ
  • ধনে পাতা কুচি
  • কাঁচা মরিচ – ১ টা
  • অলিভ ওয়েল – ১ টেবিল চামচ
  • কাঁচা বাঁশের চোঙা – ১ গিরা, এক পাশ খোলা (২০ সে.মি. প্রায়)
  • কলা পাতা

প্রস্তুত প্রণালীঃ
- মুরগীর মাংসের টুকরাগুলো একটা পাত্রে নিন। এর উপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবন ছড়িয়ে দিন। ধনে গুঁড়া, গরম মশলা, আদা-রসুন বাটা এবং লেবুর রস ছড়িয়ে দিন। ১ টেবিল চামচ অলিভ ওয়েল দিন। মাংসের সাথে ভাল করে মাখান। ২০ মিনিট ঢেকে রেখে মেরিনেট করুন।

- এবার বাঁশের চোঙাতে মেরিনেট করা মাংসের টুকরাগুলো ভরে নিন। বাঁশটা ঝাকি দিন, মাংসের টুকরাগুলো চেপে বসবে, বাঁশের ভেতরে ফাঁকা থাকবে না। মাংসের টুকরা দিয়ে বাঁশটা ভরে গেলে, কলা পাতা মুড়ে বাঁশের মুখটা আটকে দিন। আরেকটা টুকরা কলা পাতা পেঁচিয়ে তার দিয়ে বেঁধে দিন বাঁশের খোলা মুখটা।

- মাংস ভর্তি বাঁশটি কয়লার আগুনে পুড়ে নিন। লাকড়ি জ্বালিয়ে তাতেও পুড়ে নিতে পারেন। ৩০ মিনিট (বা তার বেশি সময়) ধরে আগুনে পুড়তে হবে। এর মধ্যে ১৫ মিনিট বেশি আগুনে আর ১৫ মিনিট কম আগুনে। বাঁশটা উলটে-পালটে দিবেন যাতে সবদিক ভালভাবে রান্না হয়। বাঁশের বাহিরের দিক যখন পুড়ে কাল হয়ে যাবে বুঝতে হবে বাঁশের ভেতরের মাংস রান্না হয়ে গিয়েছে।

- আগুন থেকে বাঁশটা তুলে তার উপর পানি ঢেলে দিন, এতে ছাই ছড়াবে না। বাঁশের চোঙার মুখ থেকে কলা পাতা সরিয়ে ভেতরের মুরগীর মাংস বের করে নিন।

পরিবেশনঃ

বাটিতে বা কলাপাতায় ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন। ভাল লাগলে কিউব করে কাটা পেঁয়াজের সাথেও পরিবেশন করা যেতে পারে।

Friday, June 10, 2016

চিকেন মোমো




উপকরণঃ
  • চিকেন কিমা - ১কাপ
  • ময়দা - ১কাপ
  • আদা বাটা - ১/৪ চা চামচ
  • রসুন বাটা - ১/৪ চা চামচ
  • গোল মরিচ গুঁড়ো - ১/৪ চা চামচ
  •  সয়া সস - ১ চা চামচ
  • পিঁয়াজ বাটা - ১/২ চা চামচ
  • পানি - ১/৪ কাপ
  • তেল -১  টেবিল চামচ
  • লবন - স্বাদ মতো

প্রস্তুত প্রণালীঃ 
-প্রথমে ময়দা তেল আর লবন দিয়ে ভালো করে মাখতে হবে, ময়ান যত ভাল হবে মোমো তত নরম হবে।

-এই বার প্যানে তেল দিয়ে একটু গরম করে তাতে কিমা আর বাকি সব কিছু একে একে দিয়ে একটু নেড়ে নামাতে হবে। কিমাটা একটা বাটিতে ঢেলে ঠাণ্ডা করুন।

-এইবার ময়দা মাখাটা দিয়ে লুচির মতো ছোট ছোট লেচি কেটে বেলতে হবে আর তার ভিতর একটু করে কিমার পুর দিয়ে মুখ বন্ধ করে নিন।

-এইবার চুলাতে স্টিমারে পানি দিয়ে ফুটতে দিতে হবে , পানি ফুটে উটলে তাতে মোমোগুলা সাজিয়ে ঢাকনা দিয়ে ১০/১২ মিনিট ভাপ দিন।
-ভাপ হয়ে গেলে প্লেটে সাজিয়ে গরম গরম সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন মোমো।

Thursday, June 9, 2016

সাতকড়া দিয়ে মুরগীর রেজালা


উপকরণঃ
  • মুরগির মাংস - ১ কেজি পরিমাণ এর ১ টি ( মাঝারি সাইজ করে কাটা )
  • সাতকড়া - ২ চাক একদম মিহি করে কাটা 
  • পেঁয়াজ কুচি - ২ কাপ
  • পেঁয়াজ বাটা - ২ টেবিল চামচ
  • রসুন বাটা - ১ টেবিল চামচ
  • আদা বাটা - ২ টেবিল চামচ
  • হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো মিলে - ১ চা চামচ
  • টক দই - ২ টেবিল চামচ
  • কাজু বাদাম বাটা - ২ টেবিল চামচ
  • পোস্ত বাটা - ১ চা চামচ
  • গরম মশলা গুঁড়ো - ২ চা চামচ
  • জিরা বাটা - ১ চা চামচ
  • টমেটো কেচাপ - ১ টেবিল চামচ
  • তেজপাতা লবঙ্গ দারচিনি কয়েক টুকরা
  • নারিকেল দুধ - ১ কাপ
  • লবণ স্বাদমত
  • তেল হাফ কাপ
  • কাঁচা মরিচ কয়েকটা
  • বেরেস্তা পরিবেশনের জন্য


প্রস্তুত প্রণালিঃ
-প্রথমে হাঁড়িতে তেল দিয়ে তেল গরম হলে এতে তেজপাতা, লবঙ্গ, দারচিনি দিন। এবার পেঁয়াজ কুচি যোগ করুন।

-পেঁয়াজ টা বেশ লাল করে ভাজা হলে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো, টক দই ,কাজু বাদাম বাটা, পোস্ত বাটা , গরম মশলা গুঁড়া ,জিরা বাটা দিয়ে অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিন।

-তাড়াহুড়া করবেন না, মশলা সময় নিয়ে কষাতে হবে।

-এবার মুরগির মাংস দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিন আরো ২০ মিনিট।

-এখন সাতকড়া একদম মিহি করে কষানো মাংস-তে দিন,এবার মাংসতে টমেটো কেচাপ, নারকেল দুধ আর উপরে আস্ত কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে কম আঁচে রান্না করুন আরো ১৫ মিনিট।

-১৫ মিনিট রান্না করার পর মাংসটা নরম হয়ে সুন্দর কষানো হবে। তেল উপরে
উঠে আসলেই বুঝবেন হয়ে গেছে । সুন্দর একটা লেবুর গন্ধ পাবেন মাংস থেকে। 


টিপসঃ আপনারা চাইলে আলু দিয়ে রান্না করতে পারেন।


পরিবেশনঃ
পরিবেশনের সময় উপরে বেরেস্তা ছিটিয়ে দিন। পোলাও, নান, পরোটা অথবা ভাতের সাথে খেয়ে দেখুন অনেক মজা।

Wednesday, June 8, 2016

সহজ চিকেন বিরিয়ানি










উপকরনঃ 
  • বাসমতী চাল ৭০০ গ্রাম (বাড়ির ভাতের চালেও করা যাবে )
  • মুরগির মাংস দেড় কেজি
  • পেঁয়াজ কুচি ৪ টি বড় মতো
  • পেঁয়াজ বেরেস্তা ১ কাপ ( পেঁয়াজ কুচি করে দুধে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।তেল খুব গরম হলে পেঁয়াজ কুচিগুলি তুলে নিয়ে ভাজুন।এতে পেঁয়াজে তাড়াতাড়ি বাদামি রঙ ধরবে এবং পেঁয়াজ কুচিগুলিও মুচমুচে হবে )
  • রসুন 8 কোয়া
  • কাঁচালঙ্কা ঝাল অনুযায়ী
  • আদাবাটা ২ টেবিল চামচ
  • গোটা আলু কয়েকটি মানানসই আকারের
  • টক দই ৪ টেবিল চামচ
  • গোটা মশলা আন্দাজ মতো ( যেমনঃ লবঙ্গ, দারচিনি, এলাচ, জায়ফল, জয়িত্রী, ধনে ) 
  • দুধে ভেজানো অল্প জাফরান অথবা কামধেনু রঙ 
  • কেওড়া জল আন্দাজ মতো
  • দেশী ঘি ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালীঃ 
● প্রথমে গোটা মশলা গুলো মিক্সিতে পিষে নিন।

● এবার কাঁচালঙ্কা, পেঁয়াজ, রসুন ও আদা মিক্সিতে পেষ্ট করে রাখুন।

● টকদই এ গুড়ো মশলাগুলো দিয়ে ফেটিয়ে রাখুন। 

● এবার মাংসের মধ্যে সব বাটা মশলা এবং গুঁড়ো মশলা মেশানো টক দই ও নুন-চিনি দিয়ে মেরিনেট করুন। জল দিতে হবেনা। বেশি সময় ধরে মেরিনেট করলে মাংস নরম হয়। ফ্রিজেও রাখতে পারেন বেশ কিছু সময়।

● এবার মেরিনেট করা মাংস ও গোটা আলু প্রেসার কুকারে দিয়ে ২/৩ টি সিটি দিন।খেয়াল রাখবেন রান্নার সময় আঁচ হালকা করে নিতে হবে।

বিরিয়ানি এর জন্য যা যা করতে হবেঃ
চাল অন্তত এক ঘণ্টা মতো জলে ভিজিয়ে রাখুন।

এবার একটিপাত্রে জল দিয়ে ফুটতে দিন।তাতে জল ঝরিয়ে চালগুলো দিয়ে দিন। সাথে তেজপাতা ও নুন দিন। জলের পরিমাণ চাল অনুযায়ী দিতে হবে ।

বিরিয়ানি একটু শক্ত থাকতে নামিয়ে নিন। মশারির নেটে ঢেলে দিয়ে ঝরঝরে করে নিন।এবার দুধে ভেজানো জাফরান দিয়ে অথবা অতি সামান্য কামধেনু রঙ দিয়ে সামান্য ঝাঁকিয়ে নিন।

এবার সাজানোর অর্থাৎ লেয়ার বানানোর পর্যায়ঃ
একটি পাত্রে প্রথমে আন্দাজ মতো ভাত দিন। তারপর রান্না করা মুরগির মাংসের কয়েকটি টুকরো, আলু এরপর পেঁয়াজ ভাজা অর্থাৎ বেরেস্তা ছড়িয়ে দিন।পুনরায় একইভাবে লেয়ার বানান।সবশেষে কেওড়ার জল ছড়িয়ে দিন। এবার ২ টেবিল চামচ দেশী ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন।

এইবার উনানে একটা তাওয়া রেখে কিংবা একটি ফুটন্ত জলের পাত্রের উপর বিরিয়ানির পাত্রটি বসিয়ে রাখুন।

বিরিয়ানির পাত্রের ঢাকনা ভালভাবে বন্ধ করতে হবে।দরকার হলে মাখা ময়দার প্রলেপ দিয়ে ফাঁক বন্ধ করলে ভাল হয়।

২০ মিনিট পর নামিয়ে ফেলুন।

পরিবেশনঃ গরম গরম পরিবেশন করুন।

Monday, June 6, 2016

জালি কাবাব






     উপকরনঃ 
  • গরুর মাংস - ১ কাপ (ছোট টুকরা )
  • ছোলার ডাল - ১ মুঠ
  • মসুরির ডাল - ১ মুঠের কম
  • আলু - ১ টি ( ছোট )
  • কাচামরিচ কুঁচি - স্বাদ অনুযায়ী
  • মিহি করে পেয়াজ কুঁচি - ১/২ কাপ
  • লবন - পরিমান মতো
  • আদা + রসুন বাটা - ২ টেবিল চামচ
  • জিরা + ধনিয়া বাটা - ১ চাচামচ
  • টমেটো সস - ১ টেবিল চামচ
  • হলুদ - সামান্য
  • গরম মশলা + এলাচ বাটা - ১ চাচামচ
  • ডিম - ১টি


প্রস্তুত প্রনালিঃ 
প্রেশার কুকারে আদা, রসুন, জিরা, ধনিয়া, এলাচ, গরম মশলা অর্ধেক ও হলুদ, লবন, মাংস, ডাল , আলু দিয়ে অল্প পরিমানে পানি দিন ।

সিদ্ধ হলে পানি শুখিয়ে শুকনা করে নিন । পানি পানি যেন না থাকে ।

পাটায় অথবা বেলেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিন ।

এবার এর সাথে কাচামরিচ , পেয়াজ , লবন লাগলে লবন ও বাকি মশলা দিয়ে মেখে নিন ।
১০-১২ টি কাবাব হবে বড় সাইজের ।

এবার ডিমের কুসুম সহ ৩-৪ ফোটা পানি দিয়ে কাটাচামচ দিয়ে ভাল করে ফেটে নিন ।

ডিমে ভাল করে দুই পিঠডুবিয়ে ডুবো তেলে বাদামি কালার করে ভেজে তুলুন ।

ডিম ভাল করে কাবাবের গায়ে লাগাবেন । যত বেশি লেগে থাকবে তত নেট নেট হবে ।


টিপসঃ
চপে বাড়তি কোন ময়দা অথবা কর্ন ফ্লাওয়ার দিবেন না । দিলে কাবাবের আসল স্বাদই নষ্ট হয়ে যাবে ।

পরিবেশনঃ
পোলাও,পরোটার অথবা সালাদের সাথে পরিবেশন করুন দারুন মজাদার এই কাবাব ।